বিনোদন

বলিউডের ইতিহাসে ইতি টানতে চলেছে ‘ফিল্মিস্তান’

মুম্বইয়ের বুকে ৮২ বছরের পুরনো ‘ফিল্মিস্তান স্টুডিও’-র জমিতে তৈরি হচ্ছে এক বিশাল বহুতল আবাসন প্রকল্প। একসময় রানি মুখার্জি ও কাজলের দাদু শশধর মুখার্জি, অভিনেতা আশোক কুমার, পরিচালক জ্ঞান মুখার্জি এবং রায় বাহাদুর চুনিলালের হাত ধরে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্টুডিও এবার রূপ নেবে আধুনিক আবাসিকে। বলিউডের অসংখ্য জনপ্রিয় সিনেমার শুটিংয়ের সাক্ষী এই ঐতিহাসিক স্থান বিক্রি হয়ে গেছে প্রায় ১৮৩ কোটি টাকায় আরকেড ডেভেলপার্স নামের এক সংস্থার কাছে।

জানা গিয়েছে, ৪ একর জমির উপর গড়ে উঠছে দুটি ৫০ তলা টাওয়ার। থাকছে ৩, ৪ ও ৫ বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাট, একাধিক পেন্টহাউস। এই প্রকল্পের আনুমানিক মূল্য ৩০০০ কোটি টাকা। সংস্থার চেয়ারম্যান অমিত জৈন জানিয়েছেন,”ফিল্মিস্তান বলিউডের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে এমন এক প্রকল্প আনতে চাই, যা হবে বিলাস ও জীবনযাপনের এক অন্য মাত্রা।”

তবে এই রূপান্তর মেনে নিতে পারছে না অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের বক্তব্য, প্রাচীন স্টুডিও ভেঙে দেওয়ার ফলে বহু কলাকুশলী ও কারিগরের কাজের সুযোগ হারিয়ে যাবে। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এক সময় বলিউডের স্বর্ণযুগের অন্যতম সাক্ষী ‘ফিল্মিস্তান’-এর স্থানে গড়ে উঠতে চলা এই হাই-রাইজ প্রকল্প অনেকের কাছে উন্নয়নের প্রতীক হলেও, সিনেমাপ্রেমীদের কাছে তা যেন এক যুগের অবসান ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.