নির্বাচনের পূর্বে তরজা চলছে অবিরাম। এবার গুড়-বাতাসার পালটা ছোলা-গুড়! প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘ছোলা-গুড়’ খেয়ে ‘শক্তিবৃদ্ধি’ করলেন দিলীপ ঘোষ। মর্নিংওয়াক-এ বেরিয়ে সাংবাদিকদের সামনাসামনি হয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে খোঁচা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। তাঁর মন্তব্য, ‘আমরা শক্তি বাড়ানোর জন্য ছোলা-গুড় খাই, মানুষকে দেখানোর জন্য নয়। যারা গুড়-বাতাসার কথা বলেছিল, তাঁরা আজকে কোথায় আছে দেখুন! আমরা মা আমরা মানুষের শক্তি বাড়ানোর জন্য কাজ করি।’
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকেও নিশানা করেছেন দিলীপ। প্রচারে বেরিয়ে ঘোড়ায় চড়েন কীর্তি। সেই প্রসঙ্গে বিজেপির প্রবীণ সাংসদের উবাচ, ‘লোকে বিয়ের সময় ঘোড়ায় চাপে। কীর্তি আজাদ ঘোড়ায় চেপে প্রচার করতে যাচ্ছেন। ঘোড়ায় চেপে প্রচার করলে পরিশ্রম হয় নাকি!’
প্রসঙ্গত, নির্বাচনের প্রচারে ইদানীং দিলীপ ঘোষের ‘প্রাতঃবচন’ রোজনামচার পর্যায়ে পড়ে গেছে৷ দলের অন্দরে সেই বচন নিয়ে আপত্তিও তুলেছেন বহুজন। তবে তাঁকে থামানো যায়নি। স্বভাবসিদ্ধ ‘ছন্দে’ তিনি হাজির হয়েছেন বারংবার। এবারেও তার ব্যতিক্রম হল না।







