বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। ‘অজব প্রেম কী গজব কাহানি’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি দু’জন। সেই গোপন প্রেমের খবর কী ভাবে প্রকাশ্যে এসেছিল, সম্প্রতি এক প্রাক্তন বিনোদন সাংবাদিকের স্মৃতিচারণে উঠে এল চাঞ্চল্যকর সেই কাহিনি।
ওই সাংবাদিকের দাবি, এক সময় গোপন সূত্রে খবর আসে, গভীর রাতে বান্দ্রায় ক্যাটরিনার বাড়িতে গিয়েছেন রণবীর। রাত দেড়টা নাগাদ তাঁর বেরিয়ে আসার কথা। খবর পেয়েই মধ্যরাতে আবাসনের সামনে অপেক্ষা করতে শুরু করেন ছবিশিকারীরা।
শেষ পর্যন্ত গভীর রাতে রণবীরকে বেরিয়ে আসতে দেখা যায়। পাপারাজ্জিদের উপস্থিতি টের পেয়েই নাকি দ্রুত টুপি পরে গাড়িতে উঠে পড়েন অভিনেতা। কিন্তু ততক্ষণে তাঁদের গোপন সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়ে যায়।
এরপর আরও একবার একই ধরনের ঘটনা ঘটে। একটি অনুষ্ঠানের পর বান্দ্রার একটি ফাঁকা ফ্ল্যাটে দেখা করার পরিকল্পনা করেছিলেন রণবীর ও ক্যাটরিনা। সেই খবরও পৌঁছে যায় পাপারাজ্জিদের কাছে। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই শুরু হয়ে যায় ছবি তোলা।
পরিস্থিতি সামলাতে রণবীর এমনভাবে আচরণ করেন, যেন তিনি শুধু ক্যাটরিনাকে পৌঁছে দিতে এসেছেন। কিন্তু ছবিশিকারীরা সেখান থেকে সরে যাননি। কিছুক্ষণ পর রণবীরের গাড়ি ফের একই জায়গায় ফিরে আসতেই ফের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে।
প্রাক্তন সাংবাদিকের দাবি, এতক্ষণে মেজাজ হারান রণবীর। গাড়ি থামিয়ে তাঁদের দিকে এগিয়ে গিয়ে ক্যামেরার ব্যাগ এবং মাইক্রোফোন নিয়ে চলে যান তিনি। পরে সরঞ্জাম ফেরত দেওয়ার সময় নাকি রণবীরের স্পষ্ট বার্তা ছিল—তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন আর পিছু নেওয়া না হয়।
সেই রাতের ঘটনাই নাকি রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে বলিউডে ছড়িয়ে পড়া জল্পনাকে আরও তীব্র করে দিয়েছিল।







