কলকাতা

হাওড়া বাস স্ট্যান্ডের বেহাল দশা, ঐতিহ্য ফেরাতে আধুনিকীকরণের দাবিতে সরব বাসিন্দারা

হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এবং সংলগ্ন হাওড়া বাস স্ট্যান্ড— এই তিনটি স্থাপনা মিলেই গড়ে উঠেছে হাওড়া শহরের অন্যতম পরিচয়। প্রতিদিন লক্ষাধিক যাত্রী, কর্মজীবী মানুষ ও দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই এলাকা। অথচ সেই ঐতিহ্যবাহী হাওড়া বাস স্ট্যান্ড আজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় অবহেলায় পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে বাস স্ট্যান্ডটি টিনের বেড়া দিয়ে ঘেরা। ভবনের ছাদ থেকে নিয়মিত পলেস্তরা খসে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্তম্ভও। নিরাপত্তার স্বার্থে অনেক বাসকে স্ট্যান্ডের বাইরে রাস্তায় দাঁড় করাতে হচ্ছে, যার ফলে হাওড়া স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি তৈরি হচ্ছে।

এর পাশাপাশি, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনার স্তূপ, ভাঙাচোরা রাস্তা এবং ফুটপাত দখলের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে হাওড়ায় আসা বহু পর্যটক ও ভিনরাজ্যের যাত্রীর কাছে শহরের প্রবেশদ্বার হিসেবে এই এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এই পরিস্থিতিতে হাওড়াবাসীর দাবি, টিনের বেড়া সরিয়ে আধুনিক পরিকাঠামোয় নতুন করে গড়ে তোলা হোক হাওড়া বাস স্ট্যান্ড। পাশাপাশি স্টেশন চত্বর, হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা ও ফুটপাতকে দখলমুক্ত করে স্থায়ী পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হোক। তাঁদের মতে, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে হাওড়ার এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে নতুন রূপে ফিরিয়ে আনলে যাত্রীসুবিধা যেমন বাড়বে, তেমনি রাজ্যের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.