আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুলল ভারত। দুবাইয়ের মঞ্চে রোহিত শর্মার নেতৃত্বে এই জয় শুধু ট্রফি নয়, বরং সাম্প্রতিক বছরগুলিতে ভারতের আধিপত্যের আরও একটি প্রমাণ। ম্যাচের পরে ক্রিকেটারদের প্রতিক্রিয়ায় ছিল উচ্ছ্বাস, স্বস্তি আর চাপ সামলানোর গল্প।
শেষ মুহূর্তে ধৈর্য ধরে দলকে জয় এনে দেওয়া কেএল রাহুল রসিকতায় বললেন, “শেষ দিকে আমি সত্যিই নার্ভাস ছিলাম। কিন্তু আত্মবিশ্বাস ছিল যে আমরা পারব। এ ধরনের মুহূর্তে ধৈর্য্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের হতাশা মনে রেখে হার্দিক পান্ডিয়া বললেন, “সে সময় কাজ শেষ করতে পারিনি, এবার পারলাম। সবাই নিজেদের অবদান রেখেছে, যা আমাদের জয়ে মূল চাবিকাঠি।”
অপ্রত্যাশিতভাবে দলে ঢুকে দুর্দান্ত বোলিং করা বরুণ চক্রবর্তী বললেন, “এটা স্বপ্নপূরণের মতো। প্রথম ইনিংসে খুব বেশি স্পিন ছিল না, তাই কঠিন ডেলিভারি দিতেই হতো।”
নিজের প্রথম আইসিসি ট্রফি জিতে শ্রেয়াস আইয়ার বললেন, “চাপের মধ্যে খেলতেই বেশি ভালো লাগে। পুরো দল দুর্দান্ত পারফর্ম করেছে, এটা অবিশ্বাস্য অনুভূতি।”
শুভমান গিল জানালেন, “রোহিত ভাইয়ের ব্যাটিং উপভোগ করছিলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ছিল, এবার জিতে তৃপ্তি পেলাম।”







