চারে চার। নিখাতের পর রবিবার ফের সোনার পদক এল ভারতের ঘরে। এবার সোনার পদক ছিনিয়ে নিলেন অসমের মেয়ে লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। আগে দু’বার এই টুর্নামেন্টে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। এই প্রথমবার লভলিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন।
গত রবিবার বিকেলে মিডল ওয়েট ক্যাটিগরিতে অস্ট্রেলীয় প্রতিপক্ষ কেটলিন পার্কারের বিরুদ্ধে খেলতে নামেন লভলিনা। এই প্রথমবার ৭৫ কেজি বিভাগে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন। এর আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে একবারও উঠতে পারেননি অসমের মেয়ে। আর ২০২৩ সালে প্রথমবার ফাইনালে উঠেই হাড্ডাহাড্ডি লড়াই করে সোনার পদক ছিনিয়ে নিলেন।
লভলিনা ম্যাচের প্রথম রাউন্ড থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন। কেটলিন প্রথমদিকে পিছিয়ে পড়লেও কামব্যাকের চেষ্টা করেন। তবে ভারতীয় বক্সার মাথা ঠাণ্ডা রেখে নিজের লিড ধরে রাখেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুরন্ত লড়াই করে জিতে নেন অজি প্রতিপক্ষ। অবশেষে নির্ণায়ক রাউন্ডে ফের দাপটের সাথে ৫-২ ফলে জেতেন লভলিনা। আর এর থেকেই ভারতের চতুর্থ সোনাটি নিশ্চিত করেন লভলিনা।
মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই সোনা জিতেছেন নিখাত জারিন, নীতু ঘঙ্ঘাস, সুইটি বুরা, লভলিনা বরগোহাঁই।







