আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে ফের দূরত্ব তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে। পাকিস্তান এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হলেও চূড়ান্ত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের কোনো প্রতিনিধি রাখেনি আইসিসি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পিসিবি।
ফাইনালে ভারত নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতলেও, বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাকিস্তানের অবহেলা। মঞ্চে উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি, দুইজন ভারতীয় বোর্ড কর্মকর্তা এবং নিউ জিল্যান্ড বোর্ডের একজন প্রতিনিধি। অথচ টুর্নামেন্ট পরিচালক এবং পাকিস্তানের প্রতিনিধি সুমাইর আহমেদকে আমন্ত্রণ জানানো হয়নি। মূলত, পাকিস্তান বোর্ডের প্রধান মোহসিন নকভি অসুস্থ থাকায় সুমাইর আহমেদকে তার জায়গায় থাকার কথা ছিল। তবে আইসিসি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, যা পিসিবির ক্ষোভের মূল কারণ।
এটি প্রথম নয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক হিসেবে পাকিস্তান অবজ্ঞার শিকার হলো। আগেই দেখা গেছে, ভারত ও বাংলাদেশ ম্যাচের সম্প্রচার লোগোতে পাকিস্তানের নাম উহ্য রাখা হয়েছিল। এছাড়া লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভুল করে বাজানো হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত।
আইসিসি আগের ঘটনাগুলোকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা দিলেও, এবারো পাকিস্তানকে বাদ দেওয়া হওয়ায় তাদের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। এখন দেখার বিষয়, পিসিবির অভিযোগের জবাবে আইসিসি কী ব্যাখ্যা দেয়।







