বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে দ্বৈরথ আছে সেটা সকলেই জানেন। আর সেই পুরনো ঝামেলার জেরই শনিবার আরও একবার দেখতে পাওয়া গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (DC) ২৩ রানে হারিয়ে দিয়েছে। কিন্তু এই ম্যাচে শেষে কিং কোহলি (Virat Kohli) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সৌহার্দ্যপূর্ণ করমর্দন করলেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন।
পাশাপাশি বিরাট কোহলিও ভারতীয় ক্রিকেট দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক ছিলেন। এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে যাচ্ছেন।
আর তাই জন্য তাঁদের যে ম্যাচের পর একে অপরের সঙ্গে সৌহার্দ্যমূলক সাক্ষাৎ করতেই হত, এটা একপ্রকার নিশ্চিত ছিল। ম্যাচ শেষ হওয়া মাত্রই দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফাফ ডু প্লেসির ঠিক পিছনেই ছিলেন বিরাট কোহলি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের পিছনে সৌরভ ছিলেন।
প্রথমে ডু প্লেসির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় হাত মেলান। এরপর ছিল বিরাট কোহলির পালা। ভিডিয়ো দেখে মনে হচ্ছে, বিরাটের মধ্যে হাত মেলানোর কোনও ইচ্ছেই ছিল না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে।
এই ভিডিয়োয় পন্টিংকে কোহলির সঙ্গে হাত মেলাতে এবং সৌরভের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু, তারপরও RCB তারকা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
তবে কালকের ম্যাচে আরো একটি ঘটনা ঘটেছিল। ম্যাচ চলাকালীন দিল্লির ১৮তম ওভারে বিরাট কোহলি ফিল্ডিং করার সময় একটি বল ধরে একটানা সৌরভের দিকে তাকিয়ে থাকেন। এই ব্যাপারটি নিয়েও যথেষ্ট জলঘোলা শুরু হয়েছিল।
কোহলি বনাম সৌরভ দ্বৈরথ নতুন কোনও ঘটনা নয়। এর আগে ২০২১ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই তাঁদের মধ্যে ঝামেলা অব্যাহত রয়েছে। সেই সময় সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে বিরাট কোহলি ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।







