রবিবাসরীয় সকালে আচমকাই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে । রবির সকালে , চেন্নাইয়ের অ্যাপোলোতে ভর্তি করা হয় রহমানকে । জানা গিয়েছে হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় , এবং অস্বস্তি হওয়ায় , একদমই দেরি না করে , তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় । সূত্রের খবর , ইসিজি , ইকোকার্ডিওগ্রাম ও আরো নানান পরীক্ষাও করা হয় তাঁর । ছিলেন চিকিৎসকদের পর্যবেক্ষণেও । তবে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন সুরকার । ৫৮ বছর বয়সী রহমানের অসুস্থতা গুরুতর নয় বলেই , তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।
অপরদিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা , ‘ ভুয়ো ‘ বলে দাবী করেছে সংগীতশিল্পীর টিম । এ আর রহমানের টিমের তরফে জানানো হয় , ” এ আর রহমানের হার্ট নিয়ে ছড়ানো খবর ভুয়ো। তিনি ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে গিয়েছিলেন। লন্ডন থেকে দীর্ঘ যাত্রার কারণে তাঁর ঘাড়ে ব্যথা হয়েছিল, পাশাপাশি রোজা রাখার জন্য ডিহাইড্রেশনও দেখা দেয়। তাই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।” হাসপাতালের তরফেও বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সেরকম আতঙ্কের কিছু নেই , তাই রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে রবির সকালে , রহমানের অসুস্থতার খবর সামনে আসতেই , তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রহমানের খোঁজ নিয়ে , নিজের ইন্সটাগ্রামে লেখেন, “আমি শুনেছি সংগীত সম্রাট এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন তিনি ভাল আছেন এবং শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।”







