শিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা ক্রিকেট সংক্রান্ত ঝামেলা এবার গড়াল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র দরবারে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই সমস্যা সমাধানের জন্য আইসিসি একটি বিশেষ কমিটি গড়েছে। সেখানে মধ্যস্থতা করার জন্য ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করেছিল। এর পরই নকভি ট্রফি নিয়ে ‘চম্পট’ দেন বলে অভিযোগ ওঠে। অনেকেই বলছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরেই হয়তো নকভি ‘প্রতিশোধস্পৃহা’ থেকে এখনও ভারতকে ট্রফি ফিরিয়ে দেননি। এই নিয়ে ভারত শুরু থেকেই চাপ দিয়ে চললেও, পাকিস্তান বারবার বিষয়টি থেকে ‘পালিয়ে’ বেড়াচ্ছে।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যেকার বিতর্ক মেটাতে আইসিসি পঙ্কজ খিমজির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। খিমজি ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং ভারত ও পাকিস্তান দুই বোর্ডের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। এর আগেও বিভিন্ন জটিল বিষয় নিয়ে তিনি দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন।জানা গিয়েছে, শুক্রবার আইসিসি’র মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিষয়টি উপস্থাপিত করার পরই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মহসিন নকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান। একইসঙ্গে তিনি পাকিস্তানের মন্ত্রীও। এশিয়া কাপে ভারতের জয়ের পর যে নাটক হয়েছে, তার জন্য অনেকেই নকভিকেই মূল দায়ী বলে মনে করছেন।
প্রথম দিকে শোনা যাচ্ছিল, নকভি আইসিসি’র এই মিটিংয়ে থাকতে চান না। কিন্তু তিনি শেষ পর্যন্ত মিটিংয়ে হাজির হন বলেই জানা যায়। ভারত এখনও ট্রফি পায়নি, আর এই সমস্যার সমাধানেই এবার আইসিসি-র হস্তক্ষেপ জরুরি ছিল।







