দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রবল চাপে অস্ট্রেলিয়া। প্রথমে টেম্বা বাভুমার দুরন্ত ব্যাটিং, পরে বল হাতে মার্কো জানসেনের দাপট—প্রোটিয়াদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে অজি ব্যাটিং। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে ৪২৫ রান তোলে। অধিনায়ক বাভুমার ব্যাট থেকে আসে দুরন্ত ১৭৯ রান। জবাবে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জানসেন। মাত্র ৩৩ রান খরচ করে তিনি তুলে নেন ৫টি উইকেট।
ফলো-অন করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অবশ্য ব্যক্তিগত কৃতিত্বে নজর কাড়লেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অজি তারকা। এর সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার তৃতীয় এবং বিশ্বের দ্বাদশ ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।
দক্ষিণ আফ্রিকার উইয়ান মোল্ডারের বলে আউট হওয়ার আগে স্মিথ ৮৮ বলে ২৮ রান করেন। ১১ হাজার টেস্ট রান পূর্ণ করতে তাঁর লেগেছে ২২৬টি ইনিংস। দ্রুততম ১১ হাজার টেস্ট রানের তালিকায় স্মিথ রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা। মাত্র ২০৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এরপর রয়েছেন ব্রায়ান লারা, যিনি ২১৩ ইনিংসে ১১ হাজার রান পূর্ণ করেন। রিকি পন্টিংয়ের লেগেছিল ২২২ ইনিংস এবং সচিন তেন্ডুলকর ২২৩ ইনিংসে এই নজির গড়েছিলেন।
১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের তালিকাতেও জায়গা করে নিলেন স্মিথ। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও অ্যালান বর্ডার। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বাধিক রানের মালিক পন্টিংয়ের সংগ্রহ ১৩,৩৭৮ রান। বর্ডারের ঝুলিতে রয়েছে ১১,১৭৪ রান।
দীর্ঘদিনের ধারাবাহিকতার ফলেই এই মাইলফলকে পৌঁছেছেন স্মিথ। উল্লেখযোগ্যভাবে, রাহুল দ্রাবিড় এবং জ্যাক কালিসের মতো তারকা ব্যাটারদের ১১ হাজার টেস্ট রান পূর্ণ করতে ২৩৪টি ইনিংস প্রয়োজন হয়েছিল। তাঁদের তুলনায় আরও কম ইনিংসেই এই কীর্তি গড়লেন স্মিথ।







