নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচন ঘোষনা থেকে, ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে আজ দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের পক্ষে বিড়লা তারা মন্ডলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালিত হয় । শহীদ বেদীতে মাল্য দান করে মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্বরা।
দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানান, ভোট ঘোষনার পর থেকে আজ পর্যন্ত রাজ্যে কংগ্রেসের ৭ জন কর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় ৫৪-৫৫ জনের প্রানহানির ঘটনা ঘটেছে। এখনো বহু কর্মী রাজ্যের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে বা চিকিৎসা চলছে। ভোট ঘোষনার নমিনেশান জমা থেকে শুরু হয় সন্ত্রাস । মুর্শিদাবাদের খড়গ্রামে প্রথম হিংসার বলি হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। রাজ্যের শাসকদলের এই হিংসার বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা।
প্রসঙ্গত, কংগ্রেসের দাবি, ভোটের দিন শাসক দল তৃনমূলী হার্মাদদের সন্ত্রাস দেখলো বাংলা সহ গোটা দেশ। ছাপ্পা ভোট, রিগিং বুথ দখল করে মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো।ভোটের নামে চললো প্রহসন।পরবর্তীতে গননা কেন্দ্রে কারচুপি সবকিছুকে ছাপিয়ে গেছে। বিরোধীদের মারধর, গননা কেন্দ্র থেকে বের করে দেওয়া, ব্যালট ছিনতাই,জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়ে জোর করে হারিয়ে দেওয়া যা এগিয়ে বাংলার দৃষ্টান্ত।
ইতিমধ্যে শাসক দল তৃনমূলের হাতে কংগ্রেসের ৭ জন কর্মীর হত্যা হয়েছে। রাজ্যে শাসক দলের অত্যাচার আজ চরম সীমায় পৌঁছে গেছে। সাধারন মানুষ মুক্তি চাইছে এই অপশাসন থেকে।







