দীর্ঘ জটিলতার পর অবশেষে কলকাতা বিমানবন্দর বা জয়হীন মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দেয়নি। মাটির উপরে এই মেট্রো স্টেশন তৈরি হলে সমস্যা তৈরি হবে উড়ান পরিষেবায়, এমনটাই যুক্তি ছিল। দীর্ঘ আলোচনার পর অবশেষে ভূ-গর্ভে কাজ শুরু হয়।
আগামী এপ্রিল-মে মাসেই পরিষেবা শুরু হয়ে যাবে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনের। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমেই মেট্রো পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ? কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের গলায় শোনা গেল এমনই আশার বাণী। জানা যাচ্ছে,কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে পরিদর্শন করার পর ছাড়পত্র এসে গেলেই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু করতে আর সময় নেবে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
এশিয়ার অন্যতম বৃহৎ এই মেট্রো স্টেশন তৈরি হয়েছে মাটির তলায়। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে বিমানবন্দরে এসে শেষ হচ্ছে অরেঞ্জ লাইন। অন্যদিকে নোয়াপাড়া বারাসাত মেট্রো করিডরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কলকাতা বিমানবন্দর।







