বহু সময় পেরিয়ে গেছে , কিন্তু বিধানসভায় দেখা মেলেনি শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ! তাঁর অনুপস্থিতির বহর দেখে কার্যত স্তম্ভিত শাসক শিবিরের পরিষদীয় দল । সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের জোড়া পর্ব তো বটেই, গত বছর শীতকালীন অধিবেশনেও যাননি বিধায়ক মনোজ ! উল্লেখ্য , শেষ কবে বিধায়ককে বিধানসভায় দেখা গিয়েছে, তা মনেও করতে পারছেন না সতীর্থ বিধায়কেরা । এই ঘটনা প্রকাশ্যে আসে সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনে হুইপ অমান্যকারী বিধায়কদের তালিকা তৈরি করতে গিয়ে ।
এমনকি বিধানসভায় গরহাজির থাকার বিষয়ও স্পিকারকে চিঠি লিখে জানাননি মনোজ । যার জেরে , মনোজের এরূপ আচরণে রীতিমতো ‘ক্ষুব্ধ’ তৃণমূল পরিষদীয় দলের একাংশ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । প্রশ্ন উঠছে , তবে কি মনোজ তিওয়ারি আর রাজনীতিতে থাকতে চান না ?
উল্লেখ্য , বিধানসভায় মনোজের অনুপস্থিতির কারণ জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর-সহ ফেসটাইম এবং হোয়াট্সঅ্যাপে একাধিক বার ফোন করা হয়েছে । কিন্তু সূত্রের খবর , এবিষয় মনোজের তরফে কোনো জবাব মেলেনি। পাশাপাশি মনোজের বিধানসভায় গরহাজির থাকা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি তৃণমূলের কোনও বিধায়কও। তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন ।







