দল পরিবর্তন করলেও , দীর্ঘদিনের অভ্যাস কি আর সহজে পরিবর্তন হয় ! তাই আইএসএফের হয়ে প্রচারসভায় গিয়ে , মুখ ফসকে ‘ জয় বাংলা ‘ বলে ফেললেন , সদ্য আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বের এই আইএসএফ প্রার্থী অবশ্য , সঙ্গে সঙ্গেই , নিজের পুরোনো অভ্যাসের কথা স্বীকার করে , বক্তব্য সংশোধন করে নেন । কিন্তু পাশেই দেখা গেল অন্য ছবি । যতক্ষণে আরাবুল নিজের বক্তব্য সংশোধন করছেন , ততক্ষণে অবশ্য কোনও রকমে , নিজের হাসি চাপতে দেখা যায় নওশাদ সিদ্দিকিকে । এই ঘটনার মিম এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ভাঙ্গরে , আইএসএফের এক নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন আরাবুল ইসলাম । সেখানে গিয়ে বক্তব্যও রাখেন তিনি । কিন্তু বক্তব্য শেষে , স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে ওঠেন ‘ জয় বাংলা ‘ । আর আরাবুলের মুখে জয় বাংলা শুনেই হেসে ওঠেন দর্শকরা । আর তিনি যে এখন আর তৃণমূলে নেই , মনে পড়তেই , আরাবুল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই নিজের বক্তব্য সংশোধন করে বলেন , “অনেকদিন একটা দলে ছিলাম। তাই, সেই দলের স্লোগান কখনও কখনও বেরিয়ে পড়ছে। আপনারা ক্ষমা করে নেবেন।”
আরাবুলের বক্তব্যে , দর্শকদের সাথে সাথে হাসি চাপতে পারেননি নওশাদ সিদ্দিকীও। পরে তিনি এই নিয়ে , হাসতে হাসতেই বলেন , “আরাবুলদা ভালো মনের মানুষ। তাই সত্যি কথাই বলে ফেলেছেন আপনাদের সামনে। মানুষ কতটা সহজ সরল এবং ভালো মনের হলে নিজের ভুল স্বীকার করে নেন।”







