রাজনীতি

কল্যাণীর প্রশাসনিক বৈঠকে চমক, শুভেন্দুর মঞ্চে হাজির কাকলি ঘোষ সহ তৃণমূল নেতৃত্তরা

পালাবদলের পর বাংলার রাজনৈতিক মহলে উঠে এল এক ব্যতিক্রমী ছবি। মঙ্গলবার সকালে কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেল বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের। কয়েকদিনের জল্পনার মাঝেই বৈঠকে যোগ দেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠক শুরুর আগেই তিনি সভাস্থলে পৌঁছে যান। এ বিষয়ে প্রশ্ন করা হলে কাকলির বক্তব্য, “আমন্ত্রণ পেয়েছি বলেই এসেছি। প্রশাসন কোনও এক ব্যক্তির নয়, এটাকে দলীয় কর্মসূচিও বলা যায় না।”

এদিনের বৈঠকে শুধু কাকলিই নন, উপস্থিত ছিলেন আরও তিন তৃণমূল বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন এবং স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল।

স্বরূপনগরের চারবারের বিধায়ক বীণা মণ্ডল আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বও সামলেছেন। অন্যদিকে, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিনকে গত কয়েকদিনে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি। তবে এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। কিন্তু উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। সেই কারণেই এসেছি।”

এদিন কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় বাহিনীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়েই বৈঠকে হাজির হন। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রশাসন সবার জন্য। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়।” যদিও এই দৃশ্য কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের সাধারণত দেখা যেত না। তবে এই প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি কাকলি।

গত কয়েকদিনে কাকলিকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে লেখেন, “চার দশকের আনুগত্যের এটাই পুরস্কার।” পরে তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো নিয়েও চর্চা শুরু হয়। গত রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.