গতকাল চতুর্থ দফার ভোট বিকেল ৫টায় শেষ হয়েছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজয় মিছিল হচ্ছে কেষ্ট- গড়ে। বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের নেতৃত্বে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।
শতাব্দী রায় এবং অসিত মালের পোস্টার নিয়ে নানুর গ্রামে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করেন কাজল শেখ।
অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর মেজাজ যে এখনও বীরভূমে রয়ে গিয়েছে সেটা স্পষ্ট। কাজল শেখ দাবি করেছেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী।
গতকাল বীরভূমের দুই লোকসভা কেন্দ্রেই ছিল নির্বাচন। তবে সেই চেনা ছবি দেখা যায়নি বীরভূমে। তেমন কোনও অশান্তির ছবি ধরা পড়েনি। কিন্তু ভোটের আগেরদিন রাতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা ঘটেছিল।এই ঘটনায় তৃণমূল কংগ্রেসেরই দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অনুব্রত মণ্ডলের উপস্থিতি ছাড়া এটাই প্রথম লোকসভা ভোট।
কেষ্ট মণ্ডল না থাকলেও তাঁর অনুগামীরা কিন্তু মনে করে গুড়বাতাসা-নকুলদানা- জল বিলি করেছে। বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামী বুথের কাছেই গুড়-বাতাসা আর নকুলদানা বিলি করেছেন। সেই ছবি মনে করিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের কথা। গুড়বাতাসা-নকুলদানা বিলির কথা।







