শ্লীলতাহানি বিতর্কের মাঝে নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্যপালের। তাঁর বিরুদ্ধে ওঠা পুরোনো একটি অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নে জমা দিল কলকাতা পুলিশ। এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে, নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্ত শেষ করেছে লালবাজার, এমনটাই জানানো হয়েছে। সেই রিপোর্টই জমা পড়ল নবান্নে।
শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তদন্তের মাঝে এই রিপোর্ট রাজভবনের অস্বস্তি আরও বাড়াল বলেই মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন ওড়িশি নৃত্যশিল্পী। তাঁর বক্তব্য অনুযায়ী, গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল। আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ তোলেন ওই নৃত্যশিল্পী। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থও হয়েছিলেন। নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশও দেওয়া হয়। সেই তদন্ত শেষের পরই মঙ্গলবার নবান্নে রিপোর্ট জমা দিল লালবাজার।
রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ কে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন রাজ্যপাল। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।







