তেইশের শুরুতেই সাংগঠনিক বৈঠক তৃণমূল কংগ্রেসের। সমস্ত জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। উক্ত বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে কিছু জেলাকে।
যেসব জেলায় আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে, সেই জেলাকে এবং সেই জেলার কেন্দ্রগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলাকে, গুরুত্ব দিচ্ছে উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলাকেও।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। সেখানে জোড়াফুল শিবির সংগঠনকে দৃঢ় করার উদ্যোগে ব্যস্ত, তাকে আবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বাংলা থেকে প্রতিনিধি দলকে পাঠানোর পরিকল্পনায় সামিল গেরুয়া দল। ঘাঁটি শক্ত করার দরুন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।
অপরদিকে, তৃণমূলের শীর্ষনেতৃত্বের নজরে রয়েছে জঙ্গলমহলও। মুখ্যমন্ত্রী প্রায় মাসখানেক আগেই সফর করেছেন জঙ্গলমহলে। সাংগঠনিক বৈঠকে এই এলাকাগুলির কথা উঠে আসার সম্ভাবনা। আবার নজরে পূর্ব মেদিনীপুরও। কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। প্রতিদিন নানা কর্মসূচি পালন করা হচ্ছে।







