প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিকরা বৈঠক করা ইতিমধ্যেই শুরু করে দিলেন প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে। বুধবার কলকাতায় আসছেন এসপিজির আধিকারিকরা। হাওড়া স্টেশন, কলকাতা এয়ারপোর্ট, রেসকোর্স এবং আইএনএস নেতাজিতে বৈঠক করার কথা এসপিজির আধিকারিকদের।
আসন্ন ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার নরেন্দ্র মোদির কলকাতায় আসার কথা। ওই দিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সঙ্গে, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির একটি তালিকা প্রকাশ্যে আসে।
শুক্রবার সকাল ১০টায় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে থামছে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে তিনি কপ্টারে চড়ে ১০.১৫ নাগাদ পৌঁছবেন আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে। এরপর গাড়ি চড়ে রওনা দেবেন হাওড়া স্টেশনের উদ্দেশে। সাড়ে ১০টায় হাওড়ায় শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান।







