আসন্ন আইপিএল মরশুমে শুরুর আগেই ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিষিদ্ধ হওয়ায় প্রথম ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পড়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই থাকবেন না হার্দিক, কারণ গত মৌসুমে ধীর গতিতে ওভার শেষ করার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
হার্দিক জানান, তিনি এই শাস্তির বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না। “আমাদের শেষ লিগ ম্যাচে দুই মিনিট দেরিতে শেষ করেছিলাম। তখন জানতাম না এর ফল কী হতে পারে। তবে নিয়ম মেনে চলতে হবে,” বলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন যে প্রথম ম্যাচে সূর্যকুমার অধিনায়ক হবেন।
শুধু হার্দিক নয়, প্রথম ম্যাচে থাকছেন না জসপ্রীত বুমরাহও। চোট কাটিয়ে ফিরতে সময় লাগবে তার, ফলে একাধিক ম্যাচেও অনিশ্চিত তিনি।
গত বছর করুণ এক মৌসুম কাটিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে লিগের তলানিতে থেকে শেষ করেছিল তারা। এবার নতুন অধিনায়কত্বের পরীক্ষায় পড়তে চলেছেন সূর্যকুমার, যিনি ইতিমধ্যেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন। তবে হার্দিকের অনুপস্থিতিতে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মুম্বাইয়ের জন্য।







