ভারতীয় ফুটবলের মঞ্চে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটালেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ফিরলেন তিনি, আর ফিরেই করলেন গোল। তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ভারত মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ৪৮৯ দিন পর জয়ের স্বাদ পেল।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবারের এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধেই ভারত এগিয়ে যায়। ৩৫তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল দুর্দান্ত হেডে জালে জড়ান রাহুল ভেকে। প্রথমার্ধ শেষ হয় ভারতের ১-০ গোলে এগিয়ে থাকার মাধ্যমে।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী ফুটবল খেলে ভারত। ৬৬তম মিনিটে লিস্টন কোলাসোর নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ৭৬তম মিনিটে এল সেই মুহূর্ত, যেটির জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। লিস্টনের দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার ৯৫তম গোল, আর ২০২৩ সালের অক্টোবরের পর তার প্রথম ওপেন প্লে গোল।
ভারতীয় দল দীর্ঘদিন ধরে গোলের অভাবে ভুগছিল। নতুন কোচ মানোলো মার্কেজ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জয়ের স্বাদ পেল দল। ম্যাচের পর কোচ বলেন, “আমাদের গোলের প্রয়োজন ছিল, ছেত্রী এখনও সেরা ফর্মে আছেন। তার অভিজ্ঞতা আমাদের জয়ের পথে ফিরিয়েছে।”
এই ম্যাচ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে এটি আত্মবিশ্বাস বাড়াবে। ৪০ বছর বয়সেও ছেত্রী যে ভারতের ফুটবলে অনন্য সম্পদ, তা আরও একবার প্রমাণিত হলো শিলংয়ের মাঠে।







