কলকাতায় অবসরপ্রাপ্ত হাই কোর্ট বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন বিচারপতির আইনজীবী ছেলে মনুজেন্দ্রনারায়ণ রায় এবং তাঁর নাতি সৌরীন্দ্রনারায়ণ রায়।
অভিযোগ অনুযায়ী, বুধবার রাত সাড়ে দশটার কিছু পর সল্টলেক সেক্টর ২ এলাকায় হঠাৎই সাদা পোশাকে কয়েকজন পুলিশকর্মী সৌরীন্দ্রকে মারধর করেন। তিনি তখন গাড়িতে উঠছিলেন। কোনওভাবে বাবাকে ফোন করলে ঘটনাস্থলে ছুটে আসেন আইনজীবী মনুজেন্দ্র। অভিযোগ, তাঁকেও বেধড়ক প্রহার করা হয়। এতে তাঁর পেলভিসের হাড় ফেটে যায়।
বৃহস্পতিবার সকালে একাধিক আইনজীবী হাই কোর্টে এই ঘটনা তুলে ধরে জরুরি শুনানির আর্জি জানান। আইনজীবী অনিন্দ্য লাহিড়ির বক্তব্য, প্রাক্তন বিচারপতির পরিবারকে এভাবে কেন হেনস্থা করা হল, তা স্পষ্ট হওয়া জরুরি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ অবিলম্বে সংরক্ষণেরও দাবি জানানো হয়।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দেন এবং সংশ্লিষ্ট পক্ষদের নোটিস পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় আদালতে শুনানি হবে।







