খেলাধুলা

রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনকে ঘিরে আইনি জটিলতা, হাইকোর্টের দরস্থ আন্তর্জাতিক ক্রীড়াবিদ

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আন্তর্জাতিক হেপ্টাথলিট স্বপ্না বর্মনকে ঘিরে তৈরি হল বড়সড় আইনি অনিশ্চয়তা। অভিযোগ, রেলের চাকরি থেকে আনুষ্ঠানিক ইস্তফা না দিয়েই তিনি গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন। আর সেই কারণেই তাঁর প্রার্থীপদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০১৮ এশিয়ান গেমসে সোনা জয়ী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই তারকার রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিতর্ক বাড়ছে। তৃণমূলের দাবি, রেল ইচ্ছাকৃতভাবে স্বপ্নার ইস্তফা গ্রহণে জটিলতা তৈরি করছে। উত্তরবঙ্গের কন্যার সঙ্গে এমন আচরণের জবাব বিজেপিকে দিতে হবে বলেও বার্তা দিয়েছে শাসকদল।

এই পরিস্থিতিতে স্বপ্না বর্মন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানান। বৃহস্পতিবার বিচারপতি গৌরাঙ্গ কান্তার এজলাসে মামলার শুনানি হয়। রেলের তরফে আদালতে জানানো হয়, তদন্ত চলাকালীন তাঁর ইস্তফা গ্রহণ করা সম্ভব নয়। তবে তিনি যদি নিজের ত্রুটি স্বীকার করেন এবং অবসরকালীন কোনও সুবিধা দাবি না করেন, তাহলে রেল ইস্তফা মঞ্জুরের বিষয়ে বিবেচনা করবে।

ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বিষয়টি বিকেল ৫টার মধ্যে জানানো হওয়ার কথা ছিল। কিন্তু নির্দেশ মানা হয়েছে কি না, সে বিষয়ে তাঁর কোনও তথ্য নেই।

আদালতে উপস্থিত থাকলেও স্বপ্না বর্মন কোনও মন্তব্য করেননি। তবে তাঁর আইনজীবী জানান, আদালত নির্দেশ দিয়েছে—

১৬ তারিখের ইস্তফাপত্রের পাশাপাশি নতুন করে আরেকটি ইস্তফাপত্র জমা দিতে হবে,

ক্যাজুয়াল লিভে থাকাকালীন পাওয়া বেতন ফেরত দিতে হবে,

এবং তিনি কোনও অবসরকালীন সুবিধা পাবেন না— এই শর্ত মানতে হবে।

এই শর্তগুলি পূরণ করা হলে রেল তাঁর ইস্তফা গ্রহণ করতে প্রস্তুত। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার নির্ধারিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.