অর্মত্য সেন আর বিশ্বভারতীর দ্বন্দ্ব অব্যাহত। জমি নিয়ে চিঠি চালাচালি চলছেই। এরই মাঝে জমিজটের বিষয়ে সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘এক টুকরো জমির জন্য নিজেকে ছোট করছেন।’
দিলীপের সংযোজন, ‘অমর্ত্য সেনের বিশ্বভারতীকে বলা উচিৎ ছিল আপনারা আসুন। মেপে জমি নিয়ে নিন। উনি মুখ্যমন্ত্রীকেও এর মধ্যে জড়ালেন।’ এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘যেখানে দুর্নীতি, সেখানে মুখ্যমন্ত্রী। বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে।’ পালটা জবাবে সামিল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর কথায়, ‘অমর্ত্য সেন জুন মাসে বিশ্বভারতীর সঙ্গে বসতে চেয়েছিলেন। তার আগেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিশ্বভারতী উচ্ছ্বেদের চেষ্টা করছে। এটা নিন্দনীয়।’
উল্লেখ্য, বিশ্বভারতীকে অমর্ত্য সেন চিঠিতে লিখেছেন, ইজারার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কেমন করে কেউ এই জমি দাবি করতে পারেন? ‘প্রতীচী’র জমির আইনশৃঙ্খলা এবং শান্তিরক্ষার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সেটাই অমর্ত্য সেন চিঠি দিয়ে মনে করিয়ে দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে। অমর্ত্য সেন সেখানে আরও জানান, জুন মাসেই শান্তিনিকেতনে ফিরছেন তিনি। তবে বিশ্বভারতীর সঙ্গে তাঁর জমি বিবাদ এই চিঠিতে যে মিটছে না তা সাফ।







