বেলডাঙ্গায় , বাবরি মসজিদ তৈরির কথা , প্রায় বছর খানেক আগেই ঘোষণা করেছেন ভরৎপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির । ৬ ডিসেম্বর , বাবরি মসজিদের শিলান্যাসের দিন হিসেবেও ঘোষণা করেছেন তিনি । কিন্তু সেই দিন যতই এগিয়ে আসছে , ততই বাড়ছে জটিলতাও । যে জমিতে বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা , জমির মালিক সেই সংশ্লিষ্ট জমি ঘিরে দিয়েছেন ইতিমধ্যেই । এমত পরিস্থিতিতে আবার অন্য ছবি খুঁজতে বেরোলেন হুমায়ূন কবির? খানিকটা এমন দৃশ্যই এলো সামনে ।
কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায় হুমায়ূন কবির জমি খুঁজতে যান বলে সূত্রের খবর । বেলডাঙ্গার জমির বিকল্প হিসেবেই , এই জমির পরিদর্শন বলে জানা গিয়েছে । তবে সূত্রের খবর , কান্দি থানার অন্তর্গত ওই জমি পছন্দ হয়নি তৃণমূল বিধায়কের ।
এই বিষয়ে হুমায়ূন কবিরকে প্রশ্ন করা হলে , তিনি জানান , “বেলডাঙায় আমার জায়গা আছে। তবুও দেখার জন্য এখানকার মানুষ অনুরোধ করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু জমি পছন্দ হয়নি। এত লোকালয়ে এইসব জিনিস করা যায় না। জায়গা আমার পছন্দ নয়।“
প্রসঙ্গত , ৬ ডিসেম্বর , বাবরি মসজিদ ধ্বংসের দিন , তৃণমূলের সংহতি দিবস । সেই দিনেই বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেন হুমায়ূন কবির । এই শিলান্যাস অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের আগমনের আশাও করে রয়েছেন তিনি । তবে অন্দর মহল সূত্রে খবর , জমি নিয়ে জটিলতা তুঙ্গে রয়েছে ।







