নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে চলছিল দীর্ঘ আলোচনা । চার দিন ধরে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা বৈঠকের পর সিদ্ধারামাইয়াকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল কংগ্রেস । একই সঙ্গে দলের তরফে ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হলেও কর্ণাটকে কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করবেন তিনি । বৃহস্পতিবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী ২০ মে মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার শপথ নেবেন।
মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন , এই নিয়ে চলছিল আলোচনা ও পর্যালোচনা । দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর সুষ্ঠু সমাধান করতে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বৈঠক করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে , এবং রণদীপ সুরজেওয়ালা । এছাড়াও এই বৈঠকে কর্ণাটকের দুই পোড় খাওয়া রাজনীতিবিদ উপস্থিত ছিলেন । সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্বাচনে রাহুল গান্ধি জানিয়েছিলেন , যার দিকে সর্বাধিক বিধায়কের সমর্থন তাঁকে মুখ্যমন্ত্রী করা হোক।
আগামী ২০ মে অর্থাৎ শনিবার কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তবে এই অনুষ্ঠানটি বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহনের অনুষ্ঠানে দলীয় মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন এমনটাই জানা গিয়েছে।







