এক দশক কেটে গিয়েছে হলিউড পদার্পণে। হলিউডে যাওয়ার পর থেকেই বলিউডের সঙ্গে দুরত্ব বজায় রেখেছেন নায়িকা। শেষ দশ বছরে হাতে গোনা হিন্দি সিনেমায় কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তবে গত কয়েকদিনে এই নিয়ে আলোচনা তুঙ্গে। বলিউডে ফিরছেন দেশি গার্ল। বিখ্যাত পরিচালক রাজামৌলির হাত ধরেই হিন্দি সিনেমার জগতে ফিরে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাঁর বিপরীতে দেখা মিলবে মহেশ বাবুর। এখনও পর্যন্ত ছবির নাম জানা গেছে ‘এসএসআরএমবি’।
চমক এখানেই শেষ নয়। অ্যাটলির পরিচালনায় ‘এএ২২’/’এ৬’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীত চরিত্রের জন্য ভাবা হয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু একপক্ষের ধারণা অ্যাটলির অন্য একটি ছবির জন্য প্রিয়াঙ্কাকে অফার করা হয়েছিল যার মুখ্যচরিত্রে ভাবা হয়েছিল সালমান খানকে। তবে আপাতত সেই ছবির কথা ভাবছেন না অ্যাটলি। কিন্তু সূত্রের খবর আল্লু অর্জুনের সাথে ‘এএ২২’/’এ৬’ ছবিতে কাজ করার জন্যই প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করে অ্যাটলি। কিন্তু এই ছবি প্রিয়াঙ্কা করবে না বলে জানিয়েছেন।
আপাতত প্রিয়াঙ্কা রয়েছেন নিউ ইয়র্কে তাঁর স্বামী নিক জোনাসের মিউজিক্যাল দ্য লাস্ট ফাইভ ইয়ার্স -এর প্রিমিয়ারে। সোশ্যাল মিডিয়ায় নিকের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এখন দেখার প্রিয়াঙ্কা কবে বলিউডে কামব্যাক করেন।







