নিজস্ব সংবাদদাতা : বাঙালির শেষ পাতের খাবারের মধ্যে অন্যতম হলো টমেটোর চাটনি। কিন্তু এটা এখন ইতিহাস হতে চলেছে। টমেটোর চাটনির এখন খালি স্বপ্নই দেখতে হবে।
নিরামিষ হোক বা আমিষ সব ধরনের রান্নাতেই টমেটো একটি আলাদা মাত্রা এনে দেয়। এটিতে নানান গুণাগুণ আছে যা শরীরের পক্ষে ভালো। তবে বৃষ্টির জল এবার সাধারণ মানুষের রান্নায় জল ঢেলে দিয়েছে। বাংলা সহ দেশজুড়ে এখন বর্ষা শুরু হয়েছে। আর বর্ষার জল পড়তে না পড়তেই অগ্নিমূল্য সবজির দাম। এইভাবে দাম বাড়তে থাকলে টমেটো বিহীন রান্নাতেই এগোতে হবে দেশবাসীকে।
টমেটো কেনা এখন মধ্যবিত্তের আওতার বাইরে। তার দাম দিন দিন বেড়েই চলেছে। টমেটোর দাম এখন ৮০ থেকে ১০০ তে ছুঁয়েছে। যেটি আগে কলকাতার সমস্ত বাজারে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হতো। এই মাসের শুরুতেও টমেটো প্রতি কেজিতে ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছে। কলকাতার বাজারে গত সপ্তাহেও টমেটো বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজিতে।
উচ্চ তাপমাত্রা, কম উৎপাদন এবং বৃষ্টি দেরি করে আসা এই মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত বৃষ্টির কারণেও অনেক টমেটো নষ্ট হয়ে গেছে।







