বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির জীবনে গত দেড় বছর যেন একটানা দুঃস্বপ্ন। ব্যক্তিগত জীবনে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, বিচ্ছেদের মামলা চলা— সব মিলিয়ে নানাবিধ বিপদের মাঝেই তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেই অশান্তির সঙ্গে যুক্ত হয়েছিল আরও এক বড় ধাক্কা— ১৫ মাস ধরে তাঁর ভাই বিক্রান্ত কুমার জেটলির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। অবশেষে বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের নির্দেশে সেই অন্ধকারের মাঝেই একটুখানি আলোর রেখা দেখতে পেলেন অভিনেত্রী।
২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন বিক্রান্ত, যিনি ভারতীয় সেনাবাহিনির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং সেখানে একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মী। পরিবার ও কর্মক্ষেত্র— দুই জায়গায়ই তাঁর সুনাম ছিল যথেষ্ট। কিন্তু সেলিনার অভিযোগ, ৬ সেপ্টেম্বর ২০২৪ সালে রহস্যজনকভাবে অপহৃত হন বিক্রান্ত এবং তখন থেকেই তিনি আমিরশাহীতে আটক রয়েছেন। গত ১৫ মাসে তাঁর অবস্থান, শারীরিক অবস্থা বা আইনগত পরিস্থিতি— কিছুই জানা যায়নি পরিবারের।
এতদিন ধরে বারবার চেষ্টা করেও কোনও সাড়া না পেয়ে শেষমেশ ভারত সরকারের শরণাপন্ন হন সেলিনা। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট বিদেশ মন্ত্রককে বিক্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপনে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পরেই আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান, “মা-বাবা, যথাসাধ্য চেষ্টা করছি। আজ একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি।”
বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই বিক্রান্তের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আদালতে তাঁর পক্ষে সওয়াল করা অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা ও অন্যান্য আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলিনা।
দীর্ঘ প্রতীক্ষার পর আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি জেটলি পরিবারের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি। এখন দেখার, সরকারের হস্তক্ষেপে কত দ্রুত বিক্রান্তের সন্ধান মিলছে।







