কলকাতার নিউটাউনে পয়লা বৈশাখের দিন মর্মান্তিক কাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক যুবক। যুবক অসমের বাসিন্দা, নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে ভাড়া থাকত।
নিউটাউনে গোল বিল্ডিংয়ের এর সামনে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গাড়ির চাকায় পিষ্ট হয় মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই নিউটাউন থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
যুবকের শারীরিক পরিস্থিতি অবনতি ঘটলে দ্রুত বিধাননগর মহাকুমা হাসপাতাল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না। আরজি করে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিউটাউনের গোল বিল্ডিংয়ের কাছে রাস্তার ধারে একটি চার চাকার গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে হঠাৎই চারচাকা গাড়িটির খোলা দরজায় ধাক্কা মারে। সজোরে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে ওই যুবক রাস্তার উপরে পড়ে। ঠিক তখন উল্টো দিক থেকে আগত আরেকটি চার চাকার গাড়ির তলায় পিষ্ট হয় ওই যুবক।
স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে ওই যুবকের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থাননান্তর করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত বাইকচালকের নাম ব্রিজু তেলেগু ওরফে সুজন। তিনি অসমের বাসিন্দা। তিনি নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে ভাড়া থাকতেন।







