বিনোদন

পয়লা বৈশাখেও ‘কিলবিল’-এর জয়জয়কার, পাঁচ দিনে কোটি পার!

নববর্ষের আবহে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’। ১১ এপ্রিল মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ছবি। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই ১১.৫০ লাখ টাকার ব্যবসা করে ‘কিলবিল’।
তবে আসল চমক দেখা যায় সপ্তাহান্তে। শনিবার প্রায় দ্বিগুণ ব্যবসা করে ২৪.২৫ লাখ টাকা ঘরে তোলে এই ছবি। রবিবারও একইরকম সংগ্রহ ছিল। প্রথম তিন দিনে প্রায় ৭০ লাখ টাকার ব্যবসা করে ফেলে ‘কিলবিল সোসাইটি’।
সপ্তাহের শুরুতেও এই ছবির গতি কমেনি। সোমবার ১৮.১২ লাখ টাকার ব্যবসা করার পর, পয়লা বৈশাখের দিন অর্থাৎ মঙ্গলবার ‘কিলবিল’ ৩৭.০৭ লাখ টাকার দুর্দান্ত ব্যবসা করেছে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনেই সৃজিত-কৌশানির এই ছবি ১.২৫ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে।
‘কিলবিল সোসাইটি’ আসলে সৃজিতের জনপ্রিয় ছবি ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল। অ্যাঞ্জেলিনা জোলির একটি পুরনো সাক্ষাৎকার থেকে এই ছবির গল্পের অনুপ্রেরণা পেয়েছিলেন পরিচালক। ছবিতে কৌশানি মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন এবং বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা রয়েছেন। এই প্রথম সৃজিতের পরিচালনায় কাজ করলেন কৌশানি, এবং পরমব্রতর সঙ্গেও এটাই তাঁর প্রথম জুটি।
বরাবরই সৃজিতের সিনেমা নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, ‘হেমলক’-এর সিক্যুয়েল হওয়ায় ‘কিলবিল’-এর প্রতি আলাদা আগ্রহ ছিল। অনেকেই বলছেন, সৃজিত আবারও বাজিমাত করেছেন। বক্স অফিসের পরিসংখ্যানও সেই কথাই বলছে। হিন্দুস্তান টাইমস বাংলার রিভিউতেও সৃজিতের পরিচালনার প্রশংসা করা হয়েছে। কৌশানি ও পরমের রসায়ন এবং বিশ্বনাথের কমিক টাইমিংও দর্শকদের মন কেড়েছে। সব মিলিয়ে, নববর্ষের প্রাক্কালে ‘কিলবিল সোসাইটি’ যে বক্স অফিসে বেশ ভালো ফল করছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.