টাকা দিলেই ডিগ্রি! কোথাও কলেজের ঠিকানা খুঁজে মিলল না, কোথাও আবার ফ্ল্যাটের ড্রয়িং রুমকেই দেখানো হয়েছে বিএড কলেজ হিসেবে। রাজ্যের একাধিক বিএড প্রতিষ্ঠানের পরিকাঠামো নিয়ে পরিদর্শনে নেমে এমনই চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে শিক্ষা দফতরের।
বিএড কলেজগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে কার্যত হতবাক দফতরের আধিকারিকরা। অভিযোগ, কোথাও কলেজের অস্তিত্বই নেই, কোথাও বন্ধ ভবনে ঝুলছে তালা। আবার কিছু জায়গায় একই ঠিকানায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখানোর অভিযোগও উঠেছে।
৪৫০-র বেশি কলেজকে শো-কজ
পরিস্থিতি পর্যালোচনার পর রাজ্যজুড়ে ৪৫০টিরও বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি, পাঠদানের পরিবেশ-সহ একাধিক বিষয় খতিয়ে দেখে প্রতিষ্ঠানগুলির মান যাচাই করা হয়েছে।
১০০ নম্বরের নির্দিষ্ট ম্যাট্রিক্সে মূল্যায়নে রাজ্যের বিএড কলেজগুলির গড় নম্বর দাঁড়িয়েছে মাত্র ৫১.৫ শতাংশ। এই ফলাফলই প্রতিষ্ঠানগুলির সামগ্রিক মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
ঠিকানায় গিয়ে কলেজের দেখা নেই!
পরিদর্শনের সময় ৫৩টি বিএড কলেজের কোনও বাস্তব অস্তিত্বই খুঁজে পাননি আধিকারিকরা। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কোথাও অন্য কাজকর্ম চলতে দেখা গিয়েছে, আবার কোথাও পুরো ভবনই বন্ধ অবস্থায় ছিল।
আরও অবাক করার মতো ঘটনা সামনে এসেছে ১৭টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। অভিযোগ, ওই কলেজগুলির ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ফ্ল্যাট কিংবা ড্রয়িং রুম। একই ভবনে শুধু সাইনবোর্ড বদলে বিএড, পলিটেকনিক এবং ফার্মাসি কলেজ চালানোর ছবি সামনে এসেছে বলে দাবি।
২৬৫ কলেজকে ‘অচল’ হিসেবে চিহ্নিত
পরিদর্শনের রিপোর্টে আরও উঠে এসেছে, ১১৪টি কলেজ ১০০-র মধ্যে ৩০-এরও কম নম্বর পেয়েছে। ভুয়ো ও পরিকাঠামোহীন প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৬৫টি কলেজকে ‘অচল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আরও ১২১টি প্রতিষ্ঠানের পরিকাঠামো অত্যন্ত দুর্বল বলে উঠে এসেছে।
ভালো ফল মাত্র ১৫১টির
এর বিপরীতে মাত্র ১৫১টি কলেজ ৬৫ থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়েছে। ওই প্রতিষ্ঠানগুলিতে সিসিটিভি, শিক্ষকদের উপস্থিতি এবং প্রয়োজনীয় পরিকাঠামো তুলনামূলকভাবে ঠিকঠাক রয়েছে বলে পরিদর্শনে উঠে এসেছে।
সব মিলিয়ে রাজ্যের বিএড শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ও মান নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। ডিগ্রি দেওয়ার নামে পরিকাঠামোহীন প্রতিষ্ঠান চালানোর অভিযোগের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথেই এগোচ্ছে শিক্ষা দফতর।







