বর্তমানে বহু অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় ধরা দিতে। সেই তালিকায় আগেই দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। চলচ্চিত্র জগতে কখনো অভিনেত্রী হয়ে আবার কখনো প্রযোজকের ভূমিকায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন ‘ম্যাডাম সেনগুপ্ত’। এবার ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাংস্কৃতিক জগতে এক নতুন অবতারে ধরা দিতে চলেছেন এই নায়িকা। অভিনেত্রী কি চমক দিতে চলেছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে?
অভিনেত্রীর প্রযোজনা সংস্থার নাম বর্তমানে সকলেই জানে। তবে নায়িকার এই সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ শুধুমাত্র পর্দায় সিনেমা তৈরিতেই আটকে নেই। বরং বলা ভালো তারা ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। তাই এবার ১৪ ই আগস্ট অর্থাৎ ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলামন্দিরে ঘড়ির কাঁচায় ঠিক সন্ধে ৬ টার সময় অনুষ্ঠিত হতে চলেছে ‘অ্যান ইভিনিং অফ রিদম অ্যান্ড রাগা’। যার প্রযোজনার দায়িত্বে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনার সংস্থা ‘ভাবনা আজ ও কাল’।
এই অনুষ্ঠানেই নায়িকা পরিবেশন করবেন এক অভিনব নৃত্য ভাবনা। যেখানে উঠে আসবে শুধুমাত্র নাচ নয়, বরং বলা ভালো সেখানে এই নৃত্যের মাধ্যমে প্রদর্শিত হবে ধ্রুপদী রাগ ও ছন্দের অনুভব। সেখানে নায়িকাকে ছাড়াও দেখা যাবে সেতারবাদক উস্তাদ শাহিদ পারভেজ ও তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। ধ্রুপদীসঙ্গীতের দিকপালের বাজনা অন্যতম আকর্ষণ হতে চলেছে এই অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের ঠিক আগেই এই অনুষ্ঠান দেখার জন্য মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা। এই নতুন ভাবনায় ফের দর্শক মহলকে মুগ্ধ করেছেন অভিনেত্রী তথাপ্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত।







