খেলাধুলা

১৪ বছরেই ইতিহাস! আইপিএলে বৈভবের অভিষেক ঘিরে তুঙ্গে উত্তেজনা

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কি ১৪ বছরেই এসে গেল? রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল অভিষেক করে তিনি গড়লেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে নাম লেখানোর রেকর্ড। সঞ্জু স্যামসনের চোটের সুযোগে সুযোগ পেলেন এই বিহারী বিস্ময়। শুধু বয়স নয়, অভিষেকের পেছনের গল্পটিও যথেষ্ট অনুপ্রেরণামূলক।

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল ভালোবাসা ছিল বৈভবের। চার বছর বয়সে পিতা সঞ্জীব সূর্যবংশীর কাছ থেকেই ক্রিকেটের হাতেখড়ি। পেশায় কৃষক বাবা ছেলের জন্য বাড়ির পেছনে একটি ছোট মাঠ তৈরি করেছিলেন। সেখান থেকেই শুরু বৈভবের স্বপ্নযাত্রা। পরে ভর্তি হন সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমিতে। তার পর বিজয় মার্চেন্ট ট্রফির ট্রায়াল থেকে নজরে আসেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝার। তিনিই এখন তাঁর কোচ।

নিলামের সময়েই বৈভব নিয়ে উত্তেজনা ছিল চরমে। মাত্র ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থাকা সত্ত্বেও ১.১০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় রাজস্থান। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিল কড়া টক্কর, কিন্তু শেষ হাসি হাসে রাহুল দ্রাবিড়ের দল।

আগে থেকেই অনূর্ধ্ব ১৯ পর্যায়ে চমকে দিয়েছিলেন বৈভব। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বেসরকারি টেস্টে ৫৮ বলে শতরান তাঁকে জাতীয় আলোচনায় এনে দেয়। পাঁচ ম্যাচে ৪০০+ রান করে বিনু মাঁকড় ট্রফিতেও নজর কেড়েছেন। এবার দেখার, আইপিএলের মঞ্চে কীভাবে নিজেকে মেলে ধরেন এই বিস্ময়বালক। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকল বৈভব সূর্যবংশীর কারণে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.