রাজ্য

ব্যাঙ্গালোরে মাত্র ২০হাজার টাকায় জীবন যাপন করতে সক্ষম তরুণ

ব্যাঙ্গালোরের মতো ব্যয় সাপেক্ষ শহরে বাস করতে গেলে কমপক্ষে মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করা বাঞ্চনীয়, এমনটাই মত স্থানীয়দের। তাদের মতে নূন্যতম এই মূল্য উপার্জন না করলে ব্যাঙ্গালোরের মতো শহরে টিকে থাকা অসম্ভব। এই বাঁধাধরা কথাকেই বুড়ো আঙুল দেখিয়ে মাত্র ২০ হাজার টাকা বেতনে সারা মাস ব্যাঙ্গালোরে ভালোভাবেই জীবন কাটিয়ে দিচ্ছেন বছর বাইশের এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়া রেডিটে এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা দেখে সকলের চোখ কপালে।

সেই ব্যক্তি শুধু বলেই ক্ষান্ত হননি। তাঁর সারা মাসের খরচও বিস্তারিত লিখে দিয়েছেন। তিনি সেই পোস্টে জানিয়েছেন, তিনি শেষ ছ’মাস ধরে বেঙ্গালুরুতে রয়েছেন। সব খরচের মধ্যে শুধু বাড়িভাড়াটাই তিনি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। মূলত তাঁর খরচ হয় যে খাতে, তা হল- খাবার বাবদ(৮ হাজার), বাড়িভাড়া বাবদ ( ৯ হাজার, মোট ২৬ হাজার টাকার মধ্যে তাঁর শেয়ার), যাতায়াত বাবদ (২ হাজার, পাবলিক ট্রান্সপোর্ট ও র‍্যাপিডো মিলিয়ে) এবং বাকি খরচ (২ হাজার)। সব মিলিয়ে ২০ হাজারে তাঁর দিব্য চলে যায়। তাঁর কথায়, ‘এতে মোটামুটি স্বচ্ছন্দেই জীবন কেটে যাচ্ছে। বিলাসিতা নয়, তবে বেশ ঠিকঠাক গোছের।’

তিনি আরও জানিয়েছেন,” এই জীবন সবার পছন্দ নাও হতে পারে। আমি পার্টি করি না। ধূমপান বা মদে আমার কোনো আসক্তি নেই। তাই আমার এতেই চলে যায়। আমি কাউকে আমার মতো হতে বলছি না। যদি আপনার বয়স বিশের আশে পাশে হয়, আর মনও সায় দেয় তাহলে ঘুরে ফিরে মজা করে জীবন কাটান।” এই পোস্ট ঘিরে অনেকেই নিজেদের মন্তব্য জানিয়েছেন। তাঁর হিসেবি জীবনের গল্প শুনে তাকে বাহবা দেওয়ার সাথে নিজেরাও অনুপ্রাণিত হয়েছেন। একজন লিখেছেন, ‘আমি প্রায় ওঁরই বয়সি, কিন্তু বুঝতে পারলাম আমি ওঁর থেকে অনেক বেশি খরুচে।’ আরেকজন জানিয়েছেন, ‘২০ লক্ষ টাকা উপার্জনের পরেও এখানে মানুষ কাঁদেন। খুব গর্ববোধ হচ্ছে তোমার জন্য।’ অন্য এক ব্যক্তি বলেছেন, ‘এখানে অনেকেই মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করেও ভালোভাবে থাকতে পারেন না, আবার অনেকে মাসে ২-৩ লক্ষ টাকা আয় করেও মাসের শেষে হিমশিম খেয়ে যাচ্ছেন। আপনার খাওয়া দাওয়া, যাতায়াত, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আরামের উপরেও আপনার খরচের অনেকটাই নির্ভর করে।’ তাই বলাই যায়, আপনি কোন শহরে বসবাস করছেন সেটার থেকেও বড়ো আপনি কিভাবে হিসেব করে জীবন যাপন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.