বিনোদন

ক্রিকেটের পর রুপোলি পর্দায় বিরাট! ‘হনুমান অংশ’-এর সিক্যুয়েলে অনুষ্কাসহ ক্যামিও কিং কোহলির?

এই মুহূর্তে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে লন্ডনেই সময় কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ক্রিকেটের দুই ফর্ম্যাটকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন বিরাট। এখন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটেই তাঁকে দেখা যায়। তাঁর প্রধান লক্ষ্য ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। তবে এবার ক্রিকেটের বাইরেও কি নতুন ভূমিকায় দেখা যেতে পারে ‘কিং কোহলিকে’? জোরালো হচ্ছে সেই সম্ভাবনাই।

রুপোলি পর্দায় অভিষেক না হলেও সিনেমায় বিশেষ উপস্থিতি দেখা যেতে পারে বিরাট কোহলির। ‘হনুমান অংশ’ ছবির নির্মাতারা পরবর্তী দুই কিস্তি নিয়ে দিয়েছেন বিশেষ ইঙ্গিত। সেখানেই তারকাদের ক্যামিও উপস্থিতি নিয়ে আলোচনায় উঠে এসেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নাম।

‘হনুমান অংশ’ মূলত নিম করোলি বাবার জীবন ও তাঁর আধ্যাত্মিক দর্শনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা নিম করোলি বাবার ভক্ত হিসেবে পরিচিত। সেই কারণেই ছবির পরবর্তী কিস্তিতে তাঁদের বিশেষ উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। ছবির প্রযোজক নম্রতা সিংহও এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য থেকে অনুমান করা হচ্ছে, ‘হনুমান অংশ’-এর দ্বিতীয় ও তৃতীয় পর্বে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বিরাট ও অনুষ্কাকে।

জানা যাচ্ছে, ছবির পরবর্তী কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হতে চলেছে উত্তরাখণ্ডের কাইঁচি ধাম এবং সেখানে আসা ভারতীয় ভক্তদের নানা অভিজ্ঞতা। ‘হনুমান অংশ’কে মোট তিনটি কিস্তিতে তৈরি করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় পর্বে বিরাট কোহলি ও অনুষ্কার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

কিছুদিন আগেই বিরাট ও অনুষ্কাকে নিম করোলি বাবার আশ্রমে যেতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে বিরাটের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহও বেশ স্পষ্ট হয়েছে। তাই সিনেমার গল্পের সঙ্গে তাঁদের এই যোগসূত্রই হয়তো ভবিষ্যতে ‘হনুমান অংশ’-এর পর্দায় বিরাট-অনুষ্কার বিশেষ উপস্থিতির কারণ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.