কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহতের সংখ্যাও কম নয়। আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।
রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তাঁর স্ত্রী দীপান্বিতা দে, সদ্য বিবাহিত এক দম্পতি। গত ১৬ই এপ্রিল বিয়ের পর তাঁরা হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। দুর্ভাগ্যবশত, হামলার সময় তাঁরা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতেই। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের পরিবার ও আত্মীয়-স্বজনরা।
তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে। তিনি ফোনে জানান, হামলার সময় তাঁরা চরম আতঙ্কের মধ্যে পড়লেও, পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাঁদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই ঘটনার পর অনুরাগের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী— উভয়ের কাছেই আবেদন জানিয়েছেন, যেন কাশ্মীরে আটকে পড়া সমস্ত পর্যটক, বিশেষত তরুণ তরুণীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়।
তিনি জানান, ‘‘আমার ছেলে আর ছেলের বউ ঠিক আছে জেনেও মনটা শান্ত হচ্ছে না। তারা ঠিক কেমন আছে, মানসিকভাবে কেমন আঘাত পেয়েছে, তা ভাবতেই গা শিউরে উঠছে।’’
তবে আজ সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা।







