ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের ! নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি । ইডি মামলা থেকে অব্যাহতি পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি । এবার সেই সুপ্রিম সহায় পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে , মিলেছে সুপ্রিম নির্দেশ । তবে রয়েছে কয়েকটি বেনজির শর্ত ।
ইডি – সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই মামলা চলছিল পার্থকে নিয়ে । এতদিন নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও , জামিন জোটেনি পার্থর কপালে , তিনি থেকে যান প্রেসিডেন্সিতেই । জামিন পেয়েছিলেন , পার্থর বান্ধবী বলে পরিচিত অর্পিতাও । তবে এবার অবশেষে সুপ্রিম স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায় ।
*সুপ্রিম কোর্টের ডেডলাইন বেঁধে দেওয়া শর্তগুলির মধ্যে রয়েছে -*
• ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে , ট্রায়াল কোর্টে চার্জ ফ্রেম প্রক্রিয়া শেষ করতে হবে ।
• ২০২৫ সালের জানুয়ারি মাসের ২য় বা ৩য় সপ্তাহের মধ্যে , প্রভাবিত হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে সংবেদনশীল প্রত্যক্ষদর্শীদের রয়েছে, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে।
• তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ও কোর্টে প্রক্রিয়া শেষ করে ১ ফেব্রুয়ারির মধ্যেই জামিন দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ।
• পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর , কোনো সরকারি দফতরের দায়িত্ব নিতে পারবেন না বা মন্ত্রী হতে পারবেন না , তবে তিনি বিধায়ক হয়ে থাকতে পারবেন , যতদিন পর্যন্ত তিনি দোষী না সাব্যস্ত হচ্ছেন ।







