বিনোদন

বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ বাতিল মুনাওয়ার ফারুকির, বজরং দলের চাপের মুখে সিদ্ধান্ত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দ্রায় আয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে। তবে শেষ মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং বজরং দলের চাপের মুখে তাঁর নাম অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছিল মহারাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ। উপস্থিত ছিলেন বলিউডের কর্ণবীর মেহরা, মালাইকা অরোরা, জান্নাত জুবায়ের-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

তবে, অনুষ্ঠানের আগে বজরং দল এবং VHP-এর কর্মীরা জানিয়ে দেন, মুনাওয়ার ফারুকি সেখানে উপস্থিত থাকলে তাঁরা প্রতিবাদে সরব হবেন। তাঁদের দাবি, মুনাওয়ার পূর্বে হিন্দু দেব-দেবীদের অবমাননা করেছেন। কঙ্কণ প্রদেশের বজরং দলের সহ-সংযোগক গৌতম রাওয়ারিয়া বলেন,”যেহেতু ওই ব্যক্তি বিতর্কিত মন্তব্যের জন্য আগে অভিযুক্ত, তাই আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোই উচিত।” ফলে, অনুষ্ঠান কর্তৃপক্ষ মুনাওয়ারের নাম তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়। এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে মুখ খোলায় বিতর্কে জড়াতে হয়েছে তাঁকে। এমনকি কারাবাস পর্যন্ত করতে হয়েছে কৌতুকশিল্পীকে।

এদিকে, পহেলগাঁও ঘটনায় মুসলিম পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন সুরকার সেলিম মার্চেন্ট। কোরান শরিফের সুরা বকরার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,”ইসলাম কখনও হিংসার শিক্ষা দেয় না।” তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন মুনাওয়ার ফারুকিও। তবু, নিজের দেশেই একাধিক বার বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। এই ঘটনা ফের প্রশ্ন তোলে, একজন শিল্পীর মত প্রকাশের স্বাধীনতা কি আদৌ সুরক্ষিত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.