উত্তরবঙ্গ ও সিকিমের পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমের একাধিক এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ফলে উত্তর সিকিমে ক্রমেই জলস্ফীতি দেখা দিচ্ছে তিস্তা নদীতে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।
পরিস্থিতি বিবেচনা করে শনিবার উত্তর সিকিমগামী পর্যটকদের পারমিট বাতিল করেছে সিকিম প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটক এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির উপর।
উল্লেখ্য, বৃষ্টির ফলে ইতিমধ্যেই সিকিমের একাধিক অঞ্চলে ধসের খবরও মিলেছে। সব মিলিয়ে ফের একবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সিকিম।







