এই তো সেদিন মুক্তি পেল অক্ষয় কুমারের ‘কেশরী ২’।
জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি এই ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে। তবে সাফল্যের মুখ দেখার পরই নয়া বিতর্কে জড়াল ছবিটি। অভিযোগ উঠেছে, ছবিতে অনন্যা পাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংলাপ নাকি চুরি করা হয়েছে! আর এই অভিযোগ তুলেছেন খোদ কবি ও গীতিকার ইয়াহিয়া বুটওয়ালা।
ইয়াহিয়া বুটওয়ালার দাবি, ‘কেশরী চ্যাপ্টার ২’-এর চিত্রনাট্যকার সুমিত সাক্সেনা তাঁর লেখা ‘জালিয়ানওয়ালাবাগ’ কবিতা থেকে সরাসরি অনন্যার সংলাপ তুলে ধরেছেন। পাঁচ বছর আগে ইউটিউব চ্যানেল ‘আনইরেজ পোয়েট্রি’তে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। সম্প্রতি কবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁর কবিতার অংশের সঙ্গে অনন্যার সংলাপের হুবহু মিল দেখা যাচ্ছে।
ক্যাপশনে ইয়াহিয়া লিখেছেন, “আমাকে চার দিন আগে ‘কেশরী ২’ সিনেমার একটি ক্লিপ পাঠানো হয়েছিল। যেখানে অনন্যার বলা সংলাপগুলি আমার ‘জালিয়ানওয়ালাবাগ’ শিরোনামের কবিতা থেকে কপি করা হয়েছে, যা ৫ বছর আগে @unerasepoetry ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে গিয়েছে। এখানে দুটি ক্লিপ দেওয়া হল এবং সত্যি বলতে, এটি একটি স্পষ্ট কপি-পেস্ট। তবে ছবির নির্মাতারা এটা লুকানোর চেষ্টা করেননি। মিল হওয়া লাইনটি হল, ‘মতলব ফুসফুসনা জাইসা শব্দ ভি উথায়া হ্যায়। হ্যাঁ, লোগো কে খেয়াল মিল সক্তে হ্যায়।’”
এরপর সরাসরি চিত্রনাট্যকার সুমিত সাক্সেনার সমালোচনা করে ইয়াহিয়া লেখেন, “একজন লেখক হিসেবে, আপনি সবচেয়ে খারাপ কাজটি করেছেন, অন্যের লেখা তুলে নিয়ে কৃতিত্ব অর্জন করা নির্লজ্জের পরিচয় দেয়।” ইয়াহিয়া তাঁর পোস্টে প্রযোজক করণ জোহর, পরিচালক করণ সিং ত্যাগী এবং অভিনেতা অক্ষয় কুমার ও অনন্যা পাণ্ডেকে ট্যাগ করে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ‘কেশরী ২’-এর নির্মাতা বা চিত্রনাট্যকার সুমিত সাক্সেনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা স্পষ্টীকরণ দেওয়া হয়নি। বলিউডে গান, সংলাপ বা গল্প চুরির অভিযোগ নতুন কিছু নয়। অতীতেও বহু প্রথম সারির তারকা এই ধরনের আইনি জটিলতায় পড়েছেন। এবার অক্ষয়ের ‘কেশরী ২’ সেই তালিকায় নবতম সংযোজন হল কিনা, তা সময়ই বলবে। তবে একজন কবির এমন অভিযোগ নিঃসন্দেহে আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, নির্মাতারা এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেন।







