রাজনীতিরাজ্য

বাবরি মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের! মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দেওয়ার বার্তা বিধায়কের

মুর্শিদাবাদে বাবর নামাঙ্কিত মসজিদ তৈরির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী, ওই নামে মসজিদ নির্মাণের পরিকল্পনা থাকলে কোনওভাবেই মিলবে না সরকারি ছাড়পত্র, এমন বার্তাও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পরই নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। জানিয়ে দিলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান যদি বাবরির নামে মসজিদ নির্মাণ না চান, তাহলে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন। নির্বাচনী লড়াইয়ে নামার পাশাপাশি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণাও করেছিলেন তিনি। তাঁর এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। পরবর্তীতে মসজিদ নির্মাণের কাজও শুরু হয় মুর্শিদাবাদে।

গত ২ নভেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ চত্বরে আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত একটি সভা থেকে হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরোধ করা হবে। প্রশাসনের ক্ষমতা থাকলে তা আটকে দেখাক বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি।

এরপরই বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, মুর্শিদাবাদের বহু বিশিষ্ট ব্যক্তির নামে মসজিদ তৈরি করা যেতে পারে। কিন্তু সেখানে বাবরের নাম থাকলে কোনও পরিকল্পনা বা নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এই বিষয়ে জেলার জেলাশাসককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বৃহস্পতিবার সকালে কার্যত ১৮০ ডিগ্রি অবস্থান বদল করেন হুমায়ুন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি যদি বাবরি নাম না চান, তাহলে তাঁর ইচ্ছাকে মর্যাদা দিতে হবে।

এদিকে হুমায়ুনের অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, বাবরি মসজিদ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। হুমায়ুনের কথাবার্তার কোনও স্থিরতা নেই বলেও মন্তব্য করেন তিনি। কখনও এক কথা, আবার কখনও অন্য কথা বলছেন বলে অভিযোগ তুলে সজলের কটাক্ষ, তাঁর বিভিন্ন সময়ের মন্তব্যকে আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.