বিনোদন

রাহুলের মৃত্যুরহস্যে সরাসরি প্রধানমন্ত্রী-র হস্তক্ষেপ ! SIT গঠন করে তদন্তের নির্দেশ ওড়িশায়

ওড়িশায় আউটডোর শুটিং চলাকালীন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন মোড়। এটি নিছক দুর্ঘটনা নাকি শুটিং সেটে চরম গাফিলতির ফল, সেই প্রশ্নে সরব হয়েছে চলচ্চিত্র মহল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নির্ধারণের লক্ষ্যে ওড়িশা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক ও চলচ্চিত্র মহলের সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। যথাযথ প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানোর ফলেই রাহুলের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ঘটনার পরই টলিপাড়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয় সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দফতরে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে জমা হওয়া আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পিএমও। এরপর বিষয়টি ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর ও রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠানো হয়। কেন্দ্রের নির্দেশ পাওয়ার পরই ওড়িশা প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি, গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের অভিযোগে টলিউডের একাধিক পরিচিত ব্যক্তিত্ব ও জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর নাম উঠে এসেছে। সংগঠনের দাবি, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং শুটিং পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ধারায় মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবিও তোলা হয়েছে।

রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর আউটডোর শুটিংয়ে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন নজর রয়েছে SIT তদন্তের দিকে। তদন্তে কী তথ্য সামনে আসে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.