সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ প্রকল্প একসময় রাজ্যজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে সংসদীয় এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ পেয়েছিলেন। তবে এবার সেই ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরেই উঠেছে কোটি কোটি টাকার ওষুধ নয়ছয়ের অভিযোগ। ডায়মন্ড হারবারে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বুধবার বিকেলে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় মাটির নিচে ওষুধ মজুত থাকার খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা জেসিবি মেশিন দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন। তাঁদের দাবি, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ওষুধ ‘সেবাশ্রয়’ প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি। বিষয়টি ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষের নজরেও আনা হয়েছে বলে দাবি বিজেপির। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতর।
বিজেপি নেতা উত্তম বাগের বক্তব্য, গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রশাসনকে জানানো হয়। পরে খোঁড়াখুঁড়ি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়। তাঁর দাবি, উদ্ধার হওয়া অধিকাংশ ওষুধের মেয়াদ এখনও শেষ হয়নি এবং সেগুলি সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। কেন এই ওষুধগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি এই ওষুধ কেনা ও সংরক্ষণের উৎস নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।







