রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক অস্ত্র নামাতে চলেছে বিজেপি। বহুদিন ধরেই “দুর্নীতি, অপশাসন ও মাফিয়ারাজের” অভিযোগ তুলে আসছে গেরুয়া শিবির। এবার সেই অভিযোগগুলোকে সংহত করে “চার্জশিট” প্রকাশ করতে চলেছে বিজেপি।
দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ চার্জশিটটি প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির একাংশ এই নথিকে “শ্বেতপত্র” বলেও আখ্যা দিচ্ছেন। চার্জশিট প্রকাশের পরই আসবে বিজেপির ইস্তেহার। প্রথমে ইস্তেহার প্রকাশের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে কৌশল বদল করেছে গেরুয়া শিবির। ইস্তেহার প্রকাশের সম্ভাব্য সময় এপ্রিলের প্রথম সপ্তাহ।
তৃণমূল ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, ফলে এখন নজর বিজেপির দিকে।
ঘরে ঘরে পৌঁছবে চার্জশিট
বিজেপি সূত্রের দাবি, প্রকাশের পর চার্জশিট সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন দলের নেতা-কর্মীরা। প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে এই ‘খতিয়ান’কে ব্যবহার করতে চাইছে বিজেপি।
কোন কোন ইস্যু থাকতে পারে চার্জশিটে?
গেরুয়া শিবিরের ইঙ্গিত—
গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতির ধারাবাহিক তালিকা
নিয়োগ দুর্নীতি
কয়লা–পাথর–বালি পাচার সংক্রান্ত অভিযোগ
একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার নাম সংযুক্ত থাকার সম্ভাবনা
সরকারি কর্মীদের ডিএ বঞ্চনা
ইস্তেহারে কী প্রতিশ্রুতি?
বিজেপির তরফে যে বিষয়গুলো গুরুত্ব পেতে পারে—
লক্ষ্মীর ভান্ডারসহ একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি
কর্মসংস্থান তৈরির রোডম্যাপ
রাস্তাঘাট, আলো ও মৌলিক পরিকাঠামো উন্নয়ন
সমগ্র প্রশাসনে “দুর্নীতি-মুক্ত পরিবেশ” গঠনের প্রতিশ্রুতি
এদিকে, ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। টানা বৈঠকে ব্যস্ত তিনি—প্রার্থী তালিকা থেকে বুথ ম্যানেজমেন্ট, সবক্ষেত্রেই নজরদারি করছেন।







