পুজোর আগে কঠোর পদক্ষেপে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। বিশেষ অভিযানে বাজেয়াপ্ত হল এক কোটিরও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি। ঘটনায় গ্রেফতার হয়েছে এক লরি চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে কলকাতা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি ধূপগুড়ি ও বীরপাড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস সংলগ্ন সার্ভিস রোডে নজরদারি শুরু করে পুলিশ।
অল্প কিছুক্ষণের মধ্যেই প্লাস্টিক ঢাকা একটি লরিকে আটকানো হয়। তল্লাশি চালাতেই চমকে ওঠেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। দেখা যায়, লরি ভর্তি রয়েছে কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি। লরির চালককে বৈধ নথি দেখাতে বলা হলেও তিনি কিছুই দেখাতে পারেননি। এরপরই বাজি ও লরি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার হয় চালক দীনেশ যাদব, যার বাড়ি নদিয়ার হরিণঘাটায়।
রবিবার ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা সাংবাদিক বৈঠকে জানান,
“গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এই অভিযান। কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার হওয়া লরি চালককে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুজোর আগে পুলিশের এই সাফল্যে প্রশাসন যেমন স্বস্তিতে, তেমনি বেআইনি বাজির কারবারে লাগাম টানার পথে এটি বড় পদক্ষেপ বলে মনে করছে পুলিশ মহল।







