দেশ

পরীক্ষা মানেই নম্বরের দৌড় নয়, জীবন গঠনের প্রস্তুতি—‘পরীক্ষা পে চর্চা’-তে মোদী

নম্বরের পিছনে ছোটা নয়, বরং পড়াশোনার মাধ্যমে জীবনকে কী ভাবে আরও সুন্দর করে তোলা যায়, সেই দিকেই মনোযোগ দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা–২০২৬ উইথ পিএম’-এর নবম সংস্করণে সারা দেশের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে তিনি বলেন, পড়াশোনার চাপ থাকবেই, কিন্তু তাকে কখনও মনের বোঝা করে তোলা উচিত নয়।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, ‘‘পরীক্ষা মানে শুধু নম্বর নয়। পরীক্ষা জীবনের প্রস্তুতির একটি ধাপ। পড়াশোনা যেন আনন্দের সঙ্গে হয়, সেটা নিশ্চিত করতে হবে।’’ একই সঙ্গে পড়ুয়াদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও কাজ কখনও অর্ধসমাপ্ত রেখে দেওয়া যাবে না। তাঁর কথায়, ‘‘কোনও কাজ অসমাপ্ত রাখতে নেই। আধাশিক্ষা জীবনকে সফল করে না।’’

সামনেই বিভিন্ন বোর্ডের পরীক্ষা। তার আগে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি জীবনদক্ষতা বাড়ানোর উপর জোর দেন। তিনি বলেন, ‘‘দেশে ডেটা সস্তা বলে ইন্টারনেটে অযথা সময় নষ্ট কোরো না। জীবন ও শিক্ষাগত যোগ্যতা—দুটোকেই দক্ষ করে তুলতে হবে।’’

ডিজিটাল দুনিয়ায় অতিরিক্ত সময় কাটানোর প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, পড়ুয়াদের উচিত প্রযুক্তিকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা, কিন্তু তাতে ডুবে যাওয়া নয়। ‘‘সময়ই জীবনের সবচেয়ে বড় পুঁজি। তার অপচয় কোরো না,’’ বলেন তিনি।

অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ৭৫তম জন্মদিন প্রসঙ্গে তিনি জানান, বয়সকে তিনি কখনও সীমাবদ্ধতা হিসেবে দেখেন না। তাঁর কথায়, ‘‘আমি কত বছর ফেলে এসেছি, সেটা দেখি না। আমার হাতে আর কত বছর আছে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’’

মণিপুরের ইম্ফলের সৈনিক স্কুলের পড়ুয়া ইমোতা কে শ্যামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জীবনে যা আছে, তা নিয়েই এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। ‘‘হাতে যা আছে, সেটাকে কী ভাবে সেরা ভাবে ব্যবহার করা যায়, সেটাই ভাবো,’’ পরামর্শ দেন তিনি।

‘পরীক্ষা পে চর্চা’-র এই সংস্করণে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী মূলত আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা এবং পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করার উপর গুরুত্ব দেন—যা পরীক্ষার বাইরেও জীবন গঠনে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.