নিজস্ব সংবাদ: সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে রাজ্যে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার সরব হল সর্বভারতীয় সংখ্যালঘু মঞ্চ (অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম)। শুক্রবার শিলিগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে বিধায়কের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ।
এদিন নাসির আহমেদ অভিযোগ করেন, রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে হুমায়ুন কবীর কুরুচিকর ও অশালীন মন্তব্য করছেন। তাঁর দাবি, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। নাসির বলেন, “হুমায়ুন কবীর ভোটে দাঁড়াতে পারেন, ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন—সে বিষয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই কাম্য নয়।”
সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। নাসির আহমেদ জানান, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য বন্ধ না হলে তারা বৃহত্তর প্রতিবাদ কর্মসূচিতে নামবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমায়ুন কবীর যে কেন্দ্রেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, সেখানে তাঁর জামানত বাজেয়াপ্ত করার লক্ষ্যে সংখ্যালঘু সংগঠনগুলি একজোট হয়ে কাজ করবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সর্বভারতীয় সংখ্যালঘু মঞ্চ তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং ফিরহাদ হাকিমকে সংগঠনের অন্যতম নেতা হিসেবে মান্যতা দেয়। শুক্রবারের সাংবাদিক বৈঠকেও সেই অবস্থান স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সংগঠনের দাবি, হুমায়ুন কবীর সম্প্রতি মন্তব্য করেছিলেন যে ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। তারই পাল্টা হিসেবে সংখ্যালঘু মঞ্চ জানিয়েছে, মুর্শিদাবাদ জেলাতেও তাদের সংগঠন সক্রিয় রয়েছে এবং ফিরহাদ হাকিম রাজ্যের যে কোনও প্রান্তে গেলে তারা পাশে থাকবে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজাও নতুন করে চড়তে শুরু করেছে। আগামী নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে ঘিরে রাজনৈতিক দলগুলির অবস্থান ও পারস্পরিক আক্রমণ যে আরও তীব্র হবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।







