রাজ্য

কেন্দ্রের ‘ভব্য রসায়ন’ প্রকল্পে বাংলার দাবি জোরালো করার আবেদন, সিঙ্গুর-সহ ৪ স্থানের প্রস্তাব শমীক ভট্টাচার্যের

কেন্দ্র সরকারের নতুন ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রসায়ন’ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে একটি অত্যাধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এই প্রকল্পের জন্য সম্ভাব্য স্থান হিসেবে তিনি সিঙ্গুরের কথাও উল্লেখ করেছেন। তাঁর মতে, জমি সংক্রান্ত কোনও বিতর্ক না থাকলে সিঙ্গুর এই শিল্প প্রকল্পের জন্য উপযুক্ত হতে পারে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা এক চিঠিতে শমীক ভট্টাচার্য বলেন, এই প্রকল্প পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের ক্ষেত্রে বড় সুযোগ এনে দিতে পারে। তাই অন্য রাজ্যগুলির আগে দ্রুত উদ্যোগ নিয়ে কেন্দ্রের কাছে বাংলার দাবি উপস্থাপন করা জরুরি।

গত ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিযোগিতামূলক ‘চ্যালেঞ্জ রুট’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে তিনটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত প্রতিটি প্রকল্পের জন্য কেন্দ্র সর্বাধিক ১,০০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে।

শুধু কেমিক্যাল শিল্প নয়, সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও বড় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কেন্দ্র বিশেষ উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সম্প্রতি তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবেন।

চিঠিতে শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কেন্দ্রীয় অনুদানই নয়, ভবিষ্যতে দেশি-বিদেশি সংস্থার হাজার হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগও রাজ্যে আসতে পারে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে অন্তত ১,৫০০ কোটি টাকার পরিকাঠামো গড়ে উঠবে। কেমিক্যাল, নির্মাণ, লজিস্টিক্স এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও কৃষি-ভিত্তিক শিল্পও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সুযোগও মিলবে।

সম্ভাব্য কেমিক্যাল পার্কের জন্য তিনি চারটি স্থানের প্রস্তাব দিয়েছেন—সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর। তবে রাজ্য সরকার চাইলে পরিকাঠামো ও প্রয়োজন অনুযায়ী অন্য কোনও বিতর্কমুক্ত জায়গাও বেছে নিতে পারে। প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যকে অন্তত ২,০০০ একর একটানা জমি চিহ্নিত করতে হবে এবং ৫০০ কোটি টাকার আর্থিক অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

রাজ্যের আবেদনকে শক্তিশালী করতে সাংসদ চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। শিল্প দফতর ও WBIDC-কে নিয়ে দ্রুত একটি আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স গঠন, ২,০০০ একর বিতর্কমুক্ত জমির সমস্ত নথি প্রস্তুত রাখা, আগামী রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকার সংস্থান করা এবং কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রোরসায়ন মন্ত্রকের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা।

শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রকল্পে রাজ্য সরকার উদ্যোগী হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তাঁর পাঠানো চিঠির অনুলিপি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় এবং শিল্প সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.